
ফাতেহ ডেস্ক
ইসলাম ও মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম সম্পর্কে জঘন্য ও কটূক্তি মূলক মন্তব্যের দায়ে গ্রেপ্তার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফরহাদ হোসেন ফাহাদ।
আজ শুক্রবার সকাল ৭টায় পুরান ঢাকার শাঁখারীবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি মশিউর রহমান।
এর আগে গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তারের সুপারিশ করে পুলিশের কাছে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পেইজে শেয়ার করা নিউজের নিচে ‘Forhad H Fahad’ নামের অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম ও মহানবিকে নিয়ে কটূক্তির বেশ কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। এর আগেও ফরহাদ বিভিন্ন সময় নিজেকে ‘ধর্মীয় মাওলানা’ দাবি করে ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে আসছিল বলে অভিযোগ আছে। এর পরই ফরহাদের ‘ফাঁসির’ দাবিতে কয়েক দিন ধরে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে আসছে তাবলিগ জামাত ও ধর্মভিত্তিক ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা নূর-ই-আলম কোতয়ালি থানায় ফরহাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। আরেক ছাত্রলীগ নেতা মিজানুজ্জামান খান শামীম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার স্থায়ী বহিষ্কার চেয়ে আবেদন করেন।
কোতোয়ালী থানার ওসি মশিউর রহমান বলেন, ফরহাদের বিরুদ্ধে মামলার ভিত্তিতে আমরা তাকে গ্রেপ্তার করেছি। তবে তদন্তের সার্থে এর চেয়ে বেশি কিছু বলা আমাদের পক্ষে এখন সম্ভব না।
