
ফাতেহ ডেস্ক
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় গ্রেপ্তার কামরুন্নাহার মনিকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তারা ১০ দিনের রিমান্ড চাইলেও বিচারক সরাফ উদ্দিন ৫ দিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, নুসরাত হত্যায় জড়িতদের চেহারা আড়াল করতে বোরকা সরবরাহ করেছিলেন কামরুন্নাহার মনি। এদিকে ঘটনার দিন মাদ্রাসা গেইটে পাহারার দায়িত্বে থাকা আরেক আসামি শরিফকে আজ আটক করেছে পিবিআই।
এছাড়া এই মামলায় সোমবার গ্রেপ্তার নুসরাতের সহপাঠী শামীমের রিমান্ড শুনানিও আজ হওয়ার কথা রয়েছে। এই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ১০ জন রিমান্ডে রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজও মানববন্ধন করেছে এলাকাবাসী ও ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
