
ফাতেহ ডেস্ক
দু’দিনের রাষ্ট্রীয় সফরে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার রাতে তিনি রাজধানী তেহরানে পৌঁছান। এর আগে বিকেলে তিনি ইরানের মাশহাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। ইরানে পৌঁছালে দেশটির স্বাস্থ্য ও মেডিকেল শিক্ষা বিষয়কমন্ত্রী সাঈদ নামাকি পাক প্রধানমন্ত্রীকে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অভ্যন্তরা জানান। ইমরান খান পাকিস্তান বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ইরান সফরে আসেন।
সোমবার তেহরানের প্রেসিডেন্ট প্রাসাদে পাকিস্তান প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক স্বাগত জানাবেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। পরে দু’দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। আলোচনায় দু’দেশের পারস্পারিক সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।
ইরান সফরের আগে প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান তিনি। পাশাপাশি দু’দেশ দু’দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে।
ইরান সফরে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী আলী হায়দার জাইদি, মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি, আন্তঃপ্রাদেশিক বিষয়ক মন্ত্রী ফাহমিদা মির্জা, প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা আব্দুর রাজ্জাক দাউদ রয়েছেন।
