ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট চলছে

ফাতেহ ডেস্ক

ভারতের লোকসভার নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। এই দফায় ১৫টি রাজ্যের ১১৬টি আসনে হচ্ছে নির্বাচন।

গুজরাটের গান্ধিনগরে লড়ছেন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ। টানা ষোলো বছর এই আসনে প্রার্থী ছিলেন লালকৃষ্ণ আদভানি। দু’বছর আগে গুজরাট বিধানসভা নির্বাচনে গান্ধিনগর থেকে জিতেছে কংগ্রেস। কংগ্রেস বিধায়ক চাভেদাই গান্ধিনগরে অমিত শাহের প্রতিদ্বন্দ্বী।

এদিকে, কেরালার ওয়াইনাডে থেকে লড়ছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধি। এছাড়াও তৃতীয় দফায় আসামের ৪, বিহারের ৫, ছত্তীশগড়ের ৭, দমন দিউ, জম্মু-কাশ্মীর ও দাদরা নগর হাভেলিতে ১টি করে, গোয়া ২, কর্নাটক ও মহারাষ্ট্রে ১৪টি করে, উড়িষা ৬ ও উত্তর প্রদেশে ১০ এবং পশ্চিম বঙ্গের ৫টি আসনে ভোট চলছে। এছাড়াও দ্বিতীয় দফায় স্থগিত হওয়া পূর্ব ত্রিপুরা আসনেও চলছে ভোট।

বিশ্বের বৃহত্তম এ গণতান্ত্রিক দেশে মোট ৭ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ১১ই এপ্রিল শুরু হয় আর শেষ হবে ১৯শে মে। আর ফল প্রকাশ হবে ২৩শে মে। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটার ৯০ কোটি। যার মধ্যে ৪৩ কোটি ২০ লাখ নারী ও ১৫ কোটি নতুন ভোটার।

দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৫টি। এর মধ্যে ২টি অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত। বাকি ৫৪৩টি আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। মূল লড়াইয়ে বিজেপি নেতৃত্বাধীন ৩৭ দলের জোট-এনডিএ বনাম কংগ্রেসের নেতৃত্বে ২০ দলীয় জোট-ইউপিএ।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে কংগ্রেস ও বিজেপিসহ ৭টি জাতীয় রাজনৈতিক দল ও ৫১টি রাজ্যভিত্তিক দলসহ ১৮৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। সেই সঙ্গে, মোট প্রার্থীর সংখ্যা আট হাজার।

দেশজুড়ে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে প্রায় ১০ লাখ ৩৫ হাজার। ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিং- ইভিএম’র মাধ্যমে।

দিল্লিভিত্তিক সেন্টার ফর মিডিয়া স্টাডিজ-এর তথ্য অনুযায়ী, দীর্ঘ মেয়াদি এ নির্বাচনের খরচ ৫০ হাজার কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। ২০১৪ সালের নির্বাচনে খরচ হয় ৩ হাজার ৮৭০ কোটি রুপি।

আগের সংবাদরাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পরবর্তি সংবাদচট্টগ্রামে মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি গোলাগুলিতে নিহত