
ফাতেহ ডেস্ক
তিন দিনের সরকারি সফর শেষে ব্রুনাই থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, প্রধানমন্ত্রী গত ২১শে এপ্রিল তিন দিনের সফরে ব্রুনাই পৌঁছান।
দেশে ফেরার আগে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে, ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, যেসব দেশে বাংলাদেশি রয়েছেন, সব দেশেই বাংলাদেশ ভবন নির্মাণ করা হবে।
এ সময় তিনি আরও বলেন, ‘দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান সবচেয়ে বেশি। তাই তাদের সুখ-দুঃখ দেখা সরকারের দায়িত্ব।’ পরে, তিনি রয়েল রিগালিয়া মিউজিয়াম পরিদর্শন করেন।
এর আগে গতকাল ব্রুনাইয়ের সুলতানের সরকারি বাসভবনে হাজী হাসানাল বলকিয়ার সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ব্রুনাইসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয় অঞ্চলে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য পাঁচটি দেশের সমন্বয়ে, আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম গঠনের প্রস্তাব দেন তিনি।
এছাড়া বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করতে আরও কিছু প্রস্তাব এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন গঠনের বিষয়ে আলোচনার প্রস্তাব দেন শেখ হাসিনা। এছাড়া দুই দেশের ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং এ বিষয়ে একটি অগ্রাধিকার বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব রেখেছেন তিনি।
বৈঠকে ব্রুনাই এর সুলতান হাজী হাসানাল বলকিয়া রোহিঙ্গা সংকটের সঠিক ও স্থায়ী সমাধানের ওপর জোর দেন।
এদিকে, বলকিয়ার সুলতানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া, এলএনজি ও এলপিজি সরবরাহ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।
এতে, কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও ব্রুনাইয়ের প্রাইমারি রিসোর্স ও পর্যটনমন্ত্রী হাজি আলি বিন আপং। মৎস্য ও প্রাণিসম্পদের সম্পদ সেক্টরে সহযোগিতা বিষয়ে দু’টি সমঝোতা স্মারক সই করেন বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ও হাজি আলী বিন আপং।
শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রের সহযোগিতা বিষয়ক সমঝোতায় সই করেন বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এবং ব্রুনাইয়ের সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রী হাজি আমিনুদ্দীন ইহসান। যুব ও ক্রীড়া খাতের সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও হাজি আমিনুদ্দীন ইহসান।
এলএনজি ও এলপিজি সরবরাহ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ব্রুনাইয়ের জ্বালানি, জনশক্তি ও শিল্পমন্ত্রী হাজি মাত সানি। এছাড়া দু’দেশের মধ্যে কূটনৈতিক ও সরকারি পর্যায়ে কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণে কূটনৈতিক নোট বিনিময় হয়।
তিন দিনের সরকারি সফর শেষে ব্রুনাই থেকে আজ সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে, প্রধানমন্ত্রী গত ২১শে এপ্রিল তিন দিনের সফরে ব্রুনাই পৌঁছান।
