
ফাতেহ ডেস্ক
বিশ্ববরেণ্য ইসলামি চিন্তাবিদ শায়খ সুফি জুলফিকার আহমদ নকশাবন্দীর বাংলাদেশ-সফরের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আজ সোমবার মালয়েশিয়ার হলুলাংগাত মিফতাহুল উলুম মাদরাসা মিলনায়তনে আয়োজিত বাংলাদেশি প্রতিনিধিদের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ফাতেহ টোয়েন্টি ফোরকে এ খবর নিশ্চিত করেছেন সভার সঞ্চালক ও মালয়েশিয়া সফররত বাংলাদেশি আলেম ড. আ ফ ম খালিদ হোসেন।
খুব শিগগির নকশবন্দীর এ সফরের আয়োজন করা হবে এবং সফর আয়োজনের জন্য ঢাকা ফরিদাবাদ মাদরাসার মুফতি মাওলানা ইমাদুদ্দীনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠিত হয়েছে বলেও জানান ড. আ ফ ম খালিদ।
এ ছাড়া প্রতিমাসে নির্ধারিত সময়ে ঢাকা ও চট্টগ্রামে সালেকিনদের ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে ওই সভায়।
নোয়াখালীর মাওলানা শাব্বির আহমদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি মাওলানা শামসুদ্দীন জিয়া সাহেব, মুফতি মাওলানা মিযান সাঈদ সাহেব, মাওলানা উবায়দুর রহমান নদভী সাহেব, ঢালকনগরের মুফতি মাওলানা জাফর সাহেব, মাওলানা মুফতি মাওলানা মাসউদুল করিম সাহেব, মাওলানা শায়খ মুহাম্মাদ সাহেব, ড. মাওলানা মাহমুদুল হাসান আযহারী সাহেব ও মাওলানা মুফতি ইমামুদ্দীন সাহেব। সঞ্চালনায় ছিলেন ড. আ ফ ম খালিদ হোসেন।
