
ফাতেহ ডেস্ক
যৌন হয়রানি প্রতিরোধে হাইকোর্টের নির্দেশ মেনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে কমিটি গঠন করা হয়েছে কিনা তার তালিকা চেয়ে হাইকোর্টে রিট দায়ের হয়েছে। দুই সপ্তাহের মধ্যে তালিকাটি প্রতিবেদন আকারে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এতে যৌন হয়রানি প্রতিরোধে নির্দেশনা সংবলিত হাইকোর্টের ২০০৯ সালের রায়ের আলোকে কোনও আইন না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিসকে প্রজ্ঞাপন জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
যৌন হয়রানি প্রতিরোধে নতুন আইন করার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়ার আবেদনও করা হয়েছে এই রিটে। স্বরাষ্ট্র ও আইন সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্ট ২১ জনকে রিটে বিবাদী করা হয়েছে।
