‘নুসরাত হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

ফাতেহ ডেস্ক

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ফেনীর পুলিশ সুপার ও সোনাগাজীর সে সময়ের ওসিসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নুসরাত হত্যাকাণ্ডে পুলিশ সদস্যদের ভূমিকা উল্লেখ করে পুলিশ সদর দপ্তরে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনের একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হবে। সে অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনায় পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন মঙ্গলবার জমা দেয়া হয়েছে। প্রতিবেদনে ফেনীর চার পুলিশ কর্মকর্তা ও জেলা প্রশাসনের একজন কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। এরা হলেন, ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম চৌধুরী, সোনাগাজী থানার তখনকার ওসি মোয়াজ্জেম হোসেন, উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইউসুফ ও ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

গত সোমবার রাতে গুলিস্তানে বোমা হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতের ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি, কোনো দুর্ঘটনা ঘটলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমেরিকাভিত্তিক সাইট ইন্টেলিজেন্স নামক ওয়েবসাইট থেকে আইএস দায় স্বীকার করে। এটি একটি ষড়যন্ত্র। যে যতোই ষড়যন্ত্র করুক বাংলাদেশের মাটিতে স্থান নেই। বাংলাদেশের মানুষ কখনো সন্ত্রাসকে পছন্দ করে না, কোনোদিন আশ্রয় প্রশ্রয় দেয় না।’

আগের সংবাদ‘বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র’
পরবর্তি সংবাদবাবাক খুররামি : নৃশংস এক অপরাধীর উপাখ্যান