
ফাতেহ ডেস্ক
ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষিত কমাতে পর্যাপ্ত পদক্ষেপ নেয়া হয়েছে। সময় মতো সবাইকে আশ্রয় কেন্দ্রে আনা গেলে কোনো হতাহতের ঘটনা ঘটবে না। একথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। আর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ করে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন।
ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি কমাতে সচিবালয়ে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকারের সব ধরণের প্রস্তুতি রয়েছে। ১৯ উপকূলীয় জেলার কমপক্ষে ২১ লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নেয়া হচ্ছে। এরিমধ্যে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ৪ লাখেরও বেশি মানুষ।
উপকূলীয় ১৯ জেলার প্রতিটিতে ২০০ টন করে চাল ও ৪১ হাজার প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন সরবরাহেরও ব্যবস্থা করা হয়েছে।
ক্ষয়ক্ষতি কমাতে ঘূর্ণিঝড় মোকাবিলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। ১১ হাজার হেক্টর জমির ধানে ক্ষতির আশঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
