পার্থকে ২০ দলীয় জোটে ফেরানোর আপ্রাণ চেষ্টা বিএনপির

ফাতেহ ডেস্ক

একসময়কার তুমুল আলোচিত সাংসদ ও তরুণ রাজনীতিক ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর দল বিজেপিকে ফের জোটে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। জোটের অভ্যন্তরীণ বিরোধ নিরসনে ইতিমধ্যে স্থায়ী কমিটির এক সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে। দলের হাইকমান্ডও পার্থর সঙ্গে কথা বলেছে।

আগামী কয়েক দিনের মধ্যে ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হতে পারে। পার্থকেও ওই বৈঠকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, চলমান রাজনীতির দুঃসময় চলছে। এ সময় জোটভুক্ত অনেকের মধ্যে মান-অভিমান থাকতে পারে। বিশেষ করে বড় দল বিএনপি এবং জোটের আরও যারা নেতা আছেন তারা সবাই নিজ অবস্থান থেকে পদক্ষেপ নেবেন। এতে মান-অভিমান আর থাকবে না। বিজেপির ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার পেছনে কাজ করেছে মান-অভিমান। অচিরেই এসব সেরে যাবে।

জোটের ঐক্য সুদৃঢ় আছে মন্তব্য করে তিনি বলেন, আমরা ২০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে যে কর্মসূচি পালন করছি তা অব্যাহত থাকবে। সরকারের নানা ধরনের খেলাধুলা থাকতে পারে। কিন্তু যারা ১০ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করেছেন তাদের মধ্যে ভাঙন আসবে না। যত নিষ্ঠুর নির্বাচন হবে ততই ঐক্য আরও অটুট হবে, আরও মজবুত হবে।

অবশ্য বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এরপর গণমাধ্যমকে বলেন, আমি আমার সিদ্ধান্তে অনড়। আমাকে জোটের সমন্বয়ক ফোন করেছিলেন। তাঁকেও আমি একই কথা বলেছি।

আগের সংবাদআজ সকালে একই উপজেলায় পৃথক দুই সড়ক-দুর্ঘটনা : নিহত ৩
পরবর্তি সংবাদরমজান প্রতিদিন- ৩ ।। সাহরি খাওয়ার উত্তম সময়