ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম কাদের সিদ্দিকীর

ফাতেহ ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে মতিঝিলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান কাদের সিদ্দিকী। ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা শপথ নেয়ার প্রতিবাদে তিনি এই আল্টিমেটাম দিয়েছেন।

কাদের সিদ্দিকী বলেন, সব ঠিক থাকলে আগামী ৮ জুন জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়বে কৃষক শ্রমিক জনতা লীগ।

গত ৩০ ডিসেম্বর বাংলাদেশে একটি নির্বাচনী জঘন্য নাটক হয়েছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ-তো বটেই পৃথিবীর ইতিহাসে এই রকম জঘন্য নির্বাচন হয়নি। পৃথিবীতে প্রহসনের এই রকম কোনো নজির খুঁজে পাওয়া যাবে না।

নির্বাচন দিনে নয়, আগের দিন রাতে হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচন-পরবর্তী সময়ে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বলা হয়েছিল, এই নির্বাচন আমরা প্রত্যাখান করেছি। শুধু ঐক্যফ্রন্ট নয় দেশের সমস্ত মানুষ এই নির্বাচন প্রত্যাখান করেছেন। এটা ছিল যথার্থ রাজনীতিক সিদ্ধান্ত।

কিন্তু গণফোরামের সদস্য সুলতান মনসুর সংসদে যাবেন বলে পায়তারা করলেন, তাকে বারংবার বলা হলো না যাওয়ার জন্য, কিন্তু কয়দিন পর তিনি গেলেন, শপথ নিলেন।

কিছুদিন পর গণফোরামের আরেকজন সদস্য মোকাব্বির খান শপথ দিলেন। তাকে নোটিশও দেওয়া হল। এরপর সেই মোকাব্বিরকেই আবার দলের প্রেসিডিয়ামের সদস্য হিসাবে রাখা হল।’

কাদের সিদ্দিকী বলেন, সর্বশেষ বিএনপির তথাকথিত নির্বাচিত ৬ জন সংসদ সদস্যর একজন প্রথমে শপথ নিলেন। তাকে দল থেকে বহিস্কার করা হল। পরবর্তীতে চারজন শপথ নিলে তাদেরকে স্বাগত জানানো হল। আবার বিএনপির মহাসচিব শপথ নেয়া থেকে বিরত থাকলেন। এইসব সিদ্ধান্ত মানুষকে বিভ্রান্ত করেছে। আমাদের এই বিভ্রান্তির জবাব দিতে হয়। আমরা সেই জবাব দিতে পারছি না।

ভোটারবিহীন নির্বাচনে ভোটার ছাড়া যারা যেভাবে হোক সংসদে গিয়েছেন, শপথ নিয়েছেন এরা সকলেই নিন্দিত ও ঘৃনিত মানুষ উল্লেখ করে তিনি বলেন, জোটের এই অসঙ্গতি দূর করার জন্য আমরা এক মাস সময় দিয়েছি। এই সময়ের মধ্যে এই অসঙ্গতি দূর করতে না পারলে কৃষক শ্রমিক জনতা লীগ জাতীয় ঐক্যফ্রন্ট ছেড়ে দিবে।

আগের সংবাদরমজানে কেমন আছেন রোহিঙ্গারা?
পরবর্তি সংবাদগৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক