মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল ঈদের তিন দিন আগে থেকে থাকবে

ফাতেহ ডেস্ক

মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলাচল ঈদের তিন দিন আগে থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ ছাড়া ঈদের সাত দিন আগে ও পাঁচ দিন পরে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে সড়ক বিভাগের সভা শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম এ কথা জানান।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এমনিতে দেশের সিএনজি স্টেশনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

এদিকে রমজান মাস ২৯ দিন ধরে নিয়ে ৪ থেকে ৬ জুন ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করেছে সরকার। এরপর দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় অফিস বন্ধ থাকবে ৮ জুন পর্যন্ত।

৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ২ জুন থাকবে শব-ই কদরের ছুটি। তার আগে দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি শুরুর আগে মে মাসের শেষ থেকেই মহাসড়কে শুরু হয়ে যাবে ঈদযাত্রার ভিড়।

এ কারণে এবার ঈদের সাত দিন আগে থেকেই সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয় সভায়।

পুলিশ মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা, পরিবহন শ্রমিক-মালিক সমিতির নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।

আগের সংবাদগৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
পরবর্তি সংবাদবিশ্বব্যাংক থেকে ১৬ কোটি ডলার অনুদান আসছে রোহিঙ্গা শরণার্থীদের জন্য