
ফাতেহ ডেস্ক
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার গরিবের বন্ধু। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও হতদরিদ্র মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকার হাওর এলাকার মানুষের বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি প্রকল্প গ্রহণ করেছে। গৃহহীনদের জন্য আরো গৃহনির্মাণ প্রকল্প গ্রহণ করছে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় গৃহহীনদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে মন্ত্রী ১৯৮টি পরিবারের প্রধানদের হাতে ঘরের চাবি তুলে দেন।
এ সময় মন্ত্রী বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজে এবার আমরা শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করব। চার হাজার কোটি টাকা দিয়ে সুনামগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে, যা প্রক্রিয়াধীন রয়েছে। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবারের উদ্যোগ নিয়েছে সরকার।
জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব প্রমুখ।
