সৌদি জাহাজেও আগুন, বেড়ে গেছে তেলের দাম

ফাতেহ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে দেশটির পাশাপাশি সৌদি আরবেরও দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনা ঘটেছে। আর এতে করে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।

গতকাল রোববার সকালের দিকে সংযুক্ত আমিরাতের ফুজায়রা বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে অন্তত চারটি জাহাজে আগুন ধরে যায়। এর মধ্যে সৌদি আরবের দুটি জাহাজ রয়েছে।

প্রথমে বিষয়টি অস্বীকার করে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু উভয় দেশের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।

এ ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে শিগগির তেলের দাম আরো বাড়ার আশঙ্কা করছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম পার্সটুডে।

খবরে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডে প্রতি ব্যারেল তেলের দাম ১ দশমিক শূণ্য নয় সেন্ট বেড়ে ৭১ দশমিক ৭১ ডলারে বিক্রি হচ্ছে। আমেরিকার পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েটে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ৬২ দশমিক ৪৫ ডলার। এখানে তেলের দাম বেড়েছে ব্যারেল প্রতি ৭৯ সেন্ট।

উল্লেখ্য, সৌদি আরব হচ্ছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ। আর সংযুক্ত আরব আমিরাত হলো ওপেকের তৃতীয় প্রধান তেল উৎপাদনকারী দেশ।

আগের সংবাদখালেদার মামলার বিচার কেন্দ্রীয় কারাগারে
পরবর্তি সংবাদগোলান মালভূমিতে গড়ে উঠছে ‘ট্রাম্প সিটি’