
সিলেটে হানাফি ও আহলে হাদিস বিবাদ ক্রমশ জটিল রুপ ধারণ করছে। বিশেষত রমজান মাসে নানা বিষয়ে তারা বিবাদে জড়াচ্ছেন, সমাধান হচ্ছেই না। জানা যায়, আহলে হাদিস সম্প্রদায় নিজেদের জন্য আলাদা করে কিছু মসজিদ নির্মাণ করেছেন। তাতে তারা ইফতারের বেশ আগেই আজান দিয়ে দেন। এতে সাধারণ মুসুল্লিরা বিভ্রান্ত হন। এ নিয়ে বেশ উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় ব্যবসায়ী আসলাম হোসেন জানান, একদিন তিনি বাসার বাইরে ছিলেন। আজানের আওয়াজ শুনে দ্রুত বাসায় এসে মুখে খেজুরও দিয়ে দেন। ইতোমধ্যে তার স্ত্রী বলে উঠেন, আশেপাশের মসজিদগুলোতে তো এখনো আজান দেয়নি।এ নিয়ে এক আহলে হাদিস বন্ধুর সাথে কথা বলতে গেলে সে তাকে বলে, তোমরা বিদআতি রোজা রাখছো।
‘পাশাপাশি তারাবীর নামাজের রাকাত সংখ্যা ও মহিলাদের মসজিদে নামাজ পড়াসহ বেশ কিছু বিষয় নিয়েও তাদের মাত্রাতিরিক্ত প্রচারে জনমনে সংশয়ের সৃষ্টি হয়।’ জনাব হোসেন জানান।
এমন পরিস্থিতিতে স্থানীয় আলেম-উলামা ও সাধারণ মুসল্লিগণ প্রশাসনের কাছে তিনটি দাবী জানান। এর জন্য মিছিল-সমাবেশও করেন। দাবীগুলোর মধ্যে একটি ছিলো, আজান আগে দিতে পারবে না। কারন এতে সাধারন মানুষ বিভ্রান্ত হতে পারে। তারাবী ৮ রাকাত আদায়ের জন্য চাপ প্রয়োগ করতে পারবে না। মহিলাদের নামাজের জন্য ব্যাপক ব্যবস্থা বন্ধ করতে হবে।
পরিস্থিতি এখন কেমন ?
অবস্থা খারাপ দেখে আহলে হাদিস সম্প্রদায় মাগরিবের আজানের সময় বদলে নিয়েছেন। এখন অন্যান্য মসজিদের মতো তারাও আজান সময় মতোই দেন। স্থানীয় উলামায়ে কেরাম পরিস্থিতি নিজেদের অনুকূলে দেখে সব রাজনৈতিক-সামাজিক দলের সাহায্য কামনা করেছেন। তারাও স্থানীয় উলামায়ে কেরামের পাশে আছে। তারা দাবি করছেন, সিলেটে আহলে হাদিসদের দাওয়াতি কার্যক্রম একেবারে বন্ধ করতে হবে। তারা এখানে দাওয়াত দিতে পারবে না।
পাশাপাশি তাদের মসজিদ ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনার আবেদন করা হয়েছে। ইমাম ও মুয়াজ্জিন সমিতি, রাজনৈতিক দল সবাই এই আন্দোলনে একমত। সবগুলো বৈঠকে আওয়ামী বিএনপির বড় বড় নেতৃবৃন্দ আসেন। ফুলতলীর পীরের দলও এতে আছে।
কে কি ভাবছেন?
নাম প্রকাশে অনিচ্ছুক সিলেটের এক কওমি মাদরাসার একজন প্রবীণ শিক্ষক বলেন, আহলে হাদিসদের বাড়াবাড়ি তো আছেই, তিনি মনে করেন, হানাফিরাও বাড়াবাড়ি করছে। বিশেষত এ নিয়ে মিছিল-সমাবেশ করার একেবারেই পক্ষপাতী নন তিনি। একইভাবে আহলে হাদিসদের দাওয়াত বন্ধ করা বা মসজিদগুলো ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালনারও বিরোধী তিনি।
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সাংবাদিক আলী হাসান তৈয়বও কাছাকাছি মত পোষণ করেন। তিনি বলেন, আমার মনে হচ্ছে আমরাও মেধাবী ও দরদী নেতাশূন্য হয়ে গেছি।সারা পৃথিবীর উম্মাহ ভেসে যাচ্ছে আর আমরা ফেরকাবাজি নিয়ে ব্যস্ত এ যুগে বাহাস বিষয়টা কেবল আত্মগরিমা আর পেশিশক্তির প্রদর্শন মনে হয়।
অবশ্য বিশিষ্ট চিন্তাবিদ শরীফ মোহাম্মদ একটু ভিন্নমত পোষণ করে বলেন, এই সমস্যাটা গত কয়েক বছর ধরেই চলছে। শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টাও করা হয়েছে। তবে সফলতা আসেনি। আহলে হাদিসরা বারবার যেচে এসে ঝগড়া করছে। তর্ক বাঁধাচ্ছে। ঈমান ও ইসলাম নিয়েও প্রশ্ন উঠানো শুরু করছে। ফলে দেওবন্দি আলেমগণ চুপ থাকতে পারছেন না। তবে যেহেতু তারাও একটা মত মানছেন, তাই আহলে হাদিসদেরকেও যথাযথ স্বাধীনতা দেওয়া উচিত। তবে আহলে হাদিসদের বক্তব্যে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এমন ধারণাতেই স্থানীয় আলেমগণ প্রতিবাদ করছেন।
প্রতিবাদ কেন প্রকট হল, এর ব্যাখ্যায় শরীফ মোহাম্মদ বলেন, আমার কাছে মনে হয়, যেহেতু এটা প্রথম প্রতিবাদ তাই এতে কিছু অব্যবস্থাপনা ছিল। আগামীদিনে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবেই হানাফি ও আহলে হাদিসরা নিজেদের বিবাদ মিটিয়ে নিতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
পর্যবেক্ষকরা মনে করেন, এই বিবাদ সিলেটের মতো অনেক বড় শহরেই আছে। অনেক ক্ষেত্রে আশঙ্কাজনক অবস্থায় আছে। দ্রুত এর শান্তিপূর্ণ মীমাংসা করা না গেলে ভবিষ্যতে আরও জটিল রুপ ধারণ করবে।
