
ফাতেহ ডেস্ক
মাদক সেবনকে কেন্দ্র করে রাজধানীর খিলগাঁওয়ে এক কিশোর নিহত হয়েছে। পরিবারের দাবি, বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। এনিয়ে একই পরিবারের ৪ জন হত্যার শিকার হলো। যদিও পুলিশ বলছে, রেদোয়ানকে হত্যার স্থানে মাদকের আলামত পাওয়া গেছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক ছিনতাইয়ের একাধিক মামলা ছিল।
নিহত রেদোয়ানের পরিবারের দাবি, শুক্রবার (১৭ মে) তারাবির নামাজের পর রেদোয়ানকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তাদের দাবি, রেদোয়ানের বাবা এবং এক চাচাকেও হত্যা করেছিল সন্ত্রাসীরা। আরেক চাচা এখনো নিখোঁজ। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
কিন্তু পুলিশ বলছে অন্যকথা। তাদের ধারণা, মাদক সেবন নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
খিলগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবীর খান বলেন, আশেপাশে বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পারি, বস্তির খালি ঘরে এসে নেশা করতো। সে সময় প্রতিপক্ষের আঘাতে রেদোয়ানের মৃত্যু হয়। আমরা হত্যায় জড়িতদের ধরার চেষ্টা করছি।
হত্যার ঘটনায় খিলগাঁ থানায় মামলা করেছে তার পরিবার।
রেদোয়ানের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগের একাধিক মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।
