
ফাতেহ ডেস্ক
সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে সমালোচনার মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাঁচ বছর ক্ষমতায় থাকার পর শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সংবাদ সম্মেলন করেন মোদি। তবে তার পক্ষে সাংবাদিকদের সামাল দেন বিজেপি সভাপতি অমিত শাহ।
লোকসভার শেষ ধাপে মোদির আসন বানারসিতে ভোট হবে রোববার। তাই বিজেপির শেষ পরীক্ষার আগে অনেক প্রশ্নই জমা ছিল সাংবাদিকদের। তবে শুরুতেই মোদি বলেন, সভাপতির সামনে দলীয় নেতাদের কথা বলা ঠিক হবে না। এরপর একে একে সব প্রশ্নই অমিত শাহর দিকে ঠেলে দেন তিনি।
এ ঘটনায়, প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী মোদিকে উপহাস করে বলেন, এটি একটি অসাধারণ সংবাদ সম্মেলন ছিল। তবে অমিত শাহ ভবিষ্যতে প্রধানমন্ত্রীকে কথা বলার একটু সুযোগ দেবেন বলেই আশা করেন তিনি। আর মোদিকে বিশ্বের শ্রেষ্ঠ অভিনেতা বলে মন্তব্য করেছেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী।
