
ফাতেহ ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাথে দ্বন্দ্বে জড়ালে ইরানের পতন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। টুইটারে এক বার্তায় তিনি এই হুমকি দেন।
ইরাকের বাগদাদের কূটনৈতিক এলাকায় রকেট হামলার পর ট্রাম্পের এই টুইট। হামলার দায় কেউ স্বীকার না করলেও এর জন্য ইরানকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। রোববার সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের খুব কাছেই বিস্ফোরিত হয় রকেটটি। তবে এতে কেউ হতাহত হয়নি। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের নতুন করে উত্তেজনা নিয়ে গোটা মধ্যপ্রাচ্যেই উদ্বেগ বাড়ছে।
এদিকে, ইরানের সাথে কোন ধরণের যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছে সৌদি আরব। তবে আক্রান্ত হলে সর্বশক্তি দিয়ে মোকাবিলায় প্রস্তুত বলেও জানিয়েছে দেশটি। চলমান পরিস্থিতি নিয়ে আগামী ৩০ মে উপসাগরীয় নেতাদের সাথে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন সৌদি বাদশাহ সালমান। গত সপ্তাহে তাদের দুটি তেলকেন্দ্রে ড্রোন হামলার জন্য ইরানকে দায়ী করছে সৌদি আরব। ঐ হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
