৩১ কোটি টাকা আত্মসাৎ : যুবলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বগুড়া শাখা থেকে ৩১ কোটি ১৮ লাখ ৪৯ হাজার টাকা আত্মসাতের ঘটনায় করা মামলায় বগুড়ার যুবলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শহরের নামাজগড় এলাকার প্রত্যাশা হাউজিং থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাকছুদুল আলম। তিনি বগুড়ার মেসার্স মাসফা এন্টারপ্রাইজের মালিক। তিনি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। সোস্যাল ইসলামী ব্যাংকের প্রায় ৬ কোটি ৪৭ লাখ টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে। মাকছুদুল আলম বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলমের ভাই। বগুড়া যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর কুমার রায় মুঠোফোনে আজ দুপুরে প্রথম আলোকে বলেন, মাকছুদুল আলম তাঁর কমিটির (বর্তমান কমিটির আগের কমিটি) সদস্য ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অর্থ আত্মসাৎ মামলায় আসামি মেসার্স মাসফা এন্টারপ্রাইজের মাকছুদুল আলমকে শহরের নামাজগড়ের বাসা থেকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়। আজ সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগের সংবাদগুজরাটে বহুতল ভবনে আগুন, নিহত ২০
পরবর্তি সংবাদমেট্রোরেলের জন্য রাজধানীবাসীকে কষ্ট অনুরোধ প্রধানমন্ত্রীর