আতশবাজি বিস্ফোরিত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার আটবছরের শিশু

ফাতেহ ডেস্ক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আতশবাজি নিয়ে খেলার সময় বিস্ফোরণে মাফরান (৮) নামে এক শিশুর পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় মহিউদ্দিন (১০) নামে আরেক শিশুর পায়ে আঘাত পেয়েছে।

রোববার রাতে তারাবি নামাজের সময় উপজেলার সখিপুর থানার মল্লিককান্দী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

আহত মাফরান ওই গ্রামের মিলন শেখ ও মহিউদ্দিন একই গ্রামের ওমর আলী সরদারের ছেলে।

দুর্ঘটনার পর মাফরানকে উদ্ধার করে স্বজনরা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মহিউদ্দিনকে শরীয়তপুর সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মাফরান ও মহিদ্দিনসহ এলাকার আরও কয়েকজন শিশু মিলে বাড়ির পাশের সড়কের ওপর আতশবাজি নিয়ে খেলছিল। তারা ম্যাচের কাঠির বারুদ, ভাঙা কাঁচের টুকরো, ইটের কণা ও তারকাটা ইত্যাদি লোহার পাইপের মধ্যে ঢুকিয়ে সেটিকে কিছু দিয়ে আঘাত করে। এতে বিকট শব্দ হয়। এ সময় হাতে বানানো আতশবাজির কোনো একটি অংশ শিশু মাফরানের পেটের মধ্যে ঢুকে গেলে তার পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। এ সময় শিশু মহিউদ্দিনের পায়ে আঘাত লাগে।

আগের সংবাদমাগুরায় সড়ক দুর্ঘটনা , নিহত ২
পরবর্তি সংবাদযশোরে ছেলে মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যা