
ফাতেহ ডেস্ক
যশোরের শার্শা উপজেলায় ছেলে ও মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করেছে মা। গতকাল রবিবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কায়বা ইউনিয়নের চালিতাবাড়ীয়া দীঘা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন- মা হামিদা খাতুন (৩৫), কন্যা শরিফা খাতুন (১২) ও শিশুপুত্র সোহান হোসেন (৫)। এই তিনজনই ওই গ্রামের হতদরিদ্র চা দোকানী ইব্রাহিমের স্ত্রী, কন্যা ও শিশু পুত্র।
দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছে নিহতদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা।
এদিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুকদেব জানান, ঘটনাস্থল থেকে ৩টি লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর পাঠানো হবে। কিভাবে ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি।
