চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেও বহাল তবিয়তে কেমিক্যাল গুদাম

ফাতেহ ডেস্ক

চুড়িহাট্টার ভয়াবহ আগুনের ঘটনার পর থেকে টাস্কফোর্সের মাধ্যমে পুরান ঢাকার কেমিক্যাল গুদাম অপসারণে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব কেমিক্যাল গুদাম সরিয়ে কেরানীগঞ্জে নির্মাণাধীন কেমিক্যাল পল্লিতে স্থানান্তরের কথা থাকলেও ৩ মাসে তা বাস্তবায়ন হয়নি। পুরান ঢাকার বিভিন্ন জায়গাতে এখনও রয়ে গেছে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গুদাম।

গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় কেমিক্যাল বিস্ফোরণে ভয়াবহ আগুনের ঘটনায় ৭০ জনের প্রাণহানি ঘটে। এর তিন মাস পরও পুরান ঢাকার বংশাল, বাবুবাজার, মিটফোর্ড, আরমানিটোলাসহ আশপাশের এলাকার বিভিন্ন ভবনে রয়েছে কেমিক্যাল গুদাম। সরেজমিনে এসব এলাকার আবাসিক ভবনে গোপনে গোপনে গুদাম ভাড়া নিয়ে কেমিক্যাল রাখার চিত্র দেখা গেছে।

গত রবিবার ও সোমবার (১৯ ও ২০ মে) পুরান ঢাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, এখনও অধিকাংশ ভবন থেকে কেমিক্যালের গুদাম সরানো হয়নি। বংশালের মাহুতটুলি এলাকায় সরেজমিন ঘুরে প্রতিটি ভবনের বাইরে কেমিক্যালের দোকান ও ভেতরে গুদাম দেখা গেছে। আরমানিটোলার শাবিস্তান হল গলি ও মিডফোর্ড রোডে গিয়ে দেখা গেছে অসংখ্য কেমিক্যালের গুদাম।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টার পর এখানে বড় বড় কন্টেইনারে করে কেমিক্যাল আনা হয়। ভোরের আগেই ভবনে কেমিক্যাল ঢুকিয়ে ঘরবাড়ি তালা দিয়ে দেওয়া হয়।

সরেজমিনে বংশালের মাহুতটুলির ৭৫ নম্বর বাড়ির নিচে কেমিক্যালের দোকান ও বাড়ির ভেতর গুদাম পাওয়া গেছে। পাশের গলির ভেতর ৭৬ ও ৭৭ নম্বর বাড়ি দুটিতে প্রায় ৫০ জন বাসিন্দা থাকেন। এই ভবনের নিচতলায় একটি গুদাম রয়েছে। ৭৯ নম্বর বাড়ির পেছন দিয়ে গুদামে যাওয়ার জন্য আলাদা দরজা রাখা হয়েছে। বাইরে থেকে দেখে কেউ বুঝবে না এসব বাড়িতে এখনও কেমিক্যাল গুদাম রয়েছে।

আগের সংবাদআদালত স্থানান্তরের বিরুদ্ধে খালেদার রিটের শুনানি কাল
পরবর্তি সংবাদচৌদ্দশ বছরের তারাবি : ইতিহাসের পাতা থেকে