
ফাতেহ ডেস্ক: বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার জায়েদ রাদ আল হোসাইন বলেছেন, ‘মানবাধিকার লঙ্ঘনের এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা উচিত।’
বৃহস্পতিবার জেনেভা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে ১৫ মে থেকে শুরু মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে প্রায় ১৩০ জন প্রাণ হারিয়েছেন। আটক হয়েছেন ১৩ হাজার।
জায়েদ রাদ আল হোসাইন বলেন, এত মানুষকে হত্যার ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। সরকার বলছে, একবার বলছে- নিহতরা কেউই নির্দোষ নয়। আবার বলছে- বিশাল এ অভিযানে ভুল হতেই পারে।
সরকারের এমন বক্তব্য খুবই বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, মানুষ মাদক সেবন বা বিক্রির কারণে মানবাধিকার হারাতে পারে না। নির্দোষদের রক্ষা করে দোষীদের আইনের আওতায় এনেই অপরাধ দমন করতে হবে।
জায়েদ রাদ আল হোসেন বলেন, এত মানুষ আটক করার ঘটনায় বোঝাই যাচ্ছে, অনেককে যথাযথ প্রক্রিয়া মেনে আটক করা হয়নি। অনেকেই মানবাধিকারবঞ্চিত হয়েছেন।
মানবাধিকার হাইকমিশনার বাংলাদেশ সরকারকে ‘বিচারবহির্ভূত’ হত্যাকাণ্ডের তদন্ত করার আহবান জানিয়ে বলেন, মাদক নিয়ন্ত্রণের নামে যেন মানবাধিকার লঙ্ঘন না হয়।
গত সপ্তাহে জেনেভায় আমাকে বাংলাদেশের আইনমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করা হবে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি এ ঘটনায় স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।
তিনি বলেন, মাদকের এই মাত্রা খুবই বিপজ্জনক। তবে বিচারবহির্ভূত হত্যা, আটক এসবে সমাধান হতে পারে না। আমি জাতীয় মাদকবিরোধী কমিটিকে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযয়ী একটি নীতি বাস্তবায়নের আহবান জানাচ্ছি।
