‘ভাগ্য গণনা করেন, আজকে আমরা আসব, জরিমানা করব এটা জানতেন না?’

ফাতেহ ডেস্ক

রাজধানীর পান্থপথের বসুন্ধরা গার্ডেন সিটিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বিকেলে অভিযানের এক পর্যায়ে তারা ভাগ্য-গণনাকারী প্রতিষ্ঠান শেষ দর্শন আজমেরী জেমসে হানা দেয়। কিন্তু ভাগ্য গণনাকারী প্রতিষ্ঠানটি নিজের ভাগ্যই বদলাতে পারল না। পাথরের মূল্য প্রদর্শন না করার অভিযোগে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জরিমানা আদায়ের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়া্র দোকানের ম্যানেজারকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা অন্যের ভাগ্য গণনা করেন কিন্তু আজকে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা আসব, জরিমানা করব এটা আপনারা জানতেন না?

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়া্র বলেন, শেষ দর্শনের কাছে আমরা তিনটা বিষয় জানতে চেয়েছিলাম। প্রথমত, তারা যে পাথরগুলো বিদেশ থেকে নিয়ে আসে সেটিতে আমদানিকারকের স্টিকার আছে কি-না। দ্বিতীয়ত, তাদের কাছ থেকে যারা পাথর ক্রয় করে তাদের কোনো ভাগ্য পরিবর্তন হয় কি-না। তৃতীয়ত, তারা প্রত্যেকটা পাথরের গায়ে মূল্য প্রদর্শন করে কি-না।

শেষ দর্শন আজমেরী জেমসে অভিযানে তারা পাথরের গায়ে মূল্য প্রদর্শন করছে না। এটি একটি অপরাধ। এই অপরাধে তাদের জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

পরবর্তী অভিযানে তাদের পাথরগুলো পরীক্ষা করা হবে বলে জানান শাহরিয়ার। তিনি বলেন, আমরা তাদের পাথর রপ্তানির কাগজপত্র এবং কিভাবে ভাগ্য পরিবর্তন হয় তার ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আগের সংবাদআঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় রোহিঙ্গাদের আশ্রয়
পরবর্তি সংবাদটঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২