
ফাতেহ ডেস্ক
কাল বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। আর ১৩ জুন প্রথমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সবাই মনে করছেন, এবারের বাজেট অধিবেশন হবে জমজমাট। কারণ অনেক দিন পর এই অধিবেশনে আওয়ামী লীগ, জাতীয় পার্টির পাশাপাশি বিএনপির সংসদ সদস্যরাও আলোচনায় অংশ নেবেন।
পাঁচ মেয়াদে ২১ তম বাজেট দিতে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। ১৩ জুন বাজেট পেশ করা হলে আলোচনার সময় পাওয়া যাচ্ছে কম। কারণ ৩০ জুনের মধ্যেই পাশ করতে হবে আগামি অর্থবছরের বাজেট। সংসদের চিফ হুইপ বললেন, সব সংসদ সদস্য যাতে আলোচনার সুযোগ পান সেজন্য সরকারি ছুটির দিনেও অধিবেশন চলবে।
সংখ্যায় কম থাকলেও এবার বাজেট আলোচনায় অংশ নিচ্ছেন বিএনপির এমপিরা। অন্যদিকে বিরোধ দল জাতীয় পার্টিতো আছেই। ফলে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে জমজমাট বাকযুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে।
স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ১৯৭২-৭৩ অর্থবছরে বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। আর এবার বাজেটের আকার হচ্ছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তিন লাখ ৭২ হাজার কোটি টাকার।
