
ফাতেহ ডেস্ক
ঈদযাত্রায় ১২ দিনে সড়ক, রেল ও নৌপথে ২১২টি দুর্ঘটনায় ২৪৭ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই হিসাব দেয় সংগঠনটি।
এর মধ্যে সড়ক-মহাসড়কে ১৮৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২২১ জনের আর আহত ৬৫২ জন। অনুষ্ঠানে জানানো হয়, ১৮টি জাতীয় ও ৬টি আঞ্চলিক দৈনিক পত্রিকা এবং ১০টি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এসময় বলা হয় সরকারের সদিচ্ছা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ছুটির কারণে এবারের ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।
পাশাপাশি বিগত বছরের চেয়ে এবার দুর্ঘটনা ও প্রাণহানি কম হয়েছে বলেও দাবি সংগঠনটির। দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ফিটনেস পরীক্ষাসহ দশ দফা সুপারিশ করেছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।
