
ফাতেহ ডেস্ক
দেশের জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য বিমা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এরইমধ্যে পাইলট প্রকল্পের আওতায় টাঙ্গাইল জেলার মধুপুর, ঘাটাইল এবং কালিহাতি উপজেলায় পরীক্ষামূলকভাবে স্বাস্থ্য বিমা চালু করেছি।
বুধবার (১৯ জুন) বিকালে একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর তারকা চিহ্নত প্রশ্নের জবাবে সংসদ নেতা একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য হেলথ কেয়ার ফাইনান্সিং স্ট্যাটেজি ২০১২-২০৩২ প্রণয়ন করা হয়েছে। প্রণীত স্ট্যাটেজির অধীনে সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে প্রাথমিকভাবে দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) শীর্ষক পাইলট কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এটি একটি পাইলট প্রকল্প এসএসকে কর্মসূচির আওতায় টাঙ্গাইল জেলার ৩ টি উপজেলা অর্থাৎ কালিহাতি, ঘাটাইল ও মধুপুর উপজেলায় দারিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্যদের ৭৮ টি ভর্তিযোগ্য রোগের বিনামূল্যে আন্ত:রোগী সেবা প্রদান করা হচ্ছে। উক্ত জেলার অবশিষ্ট ৯টি উপজেলায় পাইলটিং সম্প্রসারণ করার কার্যক্রম সম্প্রসারণ শুরু করা হয়েছে। এসএসকে পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
সংসদ নেতা বলেন, এসএসকে এর অধীনে ওই এলাকার দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের সদস্যদেরকে বিনামূল্যে আন্ত:বিভাগে ভর্তিকৃত রোগী সেবা কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই সীমিত সংখ্যায় রোগীদের বহি:বিভাগীয় সেবা প্রদান করা হবে।
