
ফাতেহ২৪.কম চট্টগ্রাম ডেস্কঃ
দারুল উলূম হাটহাজারী মাদরাসার বায়তুল করীম মসজিদে অবস্থানরত ইতিকাফকারীদের উদ্দেশ্যে আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, হে ইতিকাফকারী ভাইগণ, আপনারা অনেকেই ৪০,৩০,২০, ও ১০ দিনের ইতিকাফ করার জন্য এখানে এসেছেন। কিন্তু যাওয়ার সময় কী নিয়ে যাবেন?
আপনারা আসার পর থেকে ছাত্র ভাইয়েরা আপনাদের খেদমত করে যাচ্ছে। কারণ আপনারা আল্লাহর মেহমান। মেহমানের সম্মান করা ঈমানদারের নৈতিক দায়িত্ব। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ তা’আলা ও পরকালে বিশ্বাসী, সে যেনো মেহমানকে সম্মান করে।
শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী বলেন, হজরত মাদানী (রহ.) এর নিকট কিছু মেহমান আসলে তাঁর খাদেমগণ প্রত্যেকের জন্যে সব ব্যবস্থা করে দিলেন। কিন্তু একজন মানুষ বিছানা পায় নি। সে চেয়ারে বসে আছে। হুসাইন আহমদ মাদানী (রহ.) জিজ্ঞেস করলেন, এই লোকটি বিছানা পেলো না কেনো? খাদেমরা উত্তর দিলো, হুযুর লোকটি হিন্দু। তখন হুসাইন আহমদ মাদানী (রহ.) নিজের রুমে প্রবেশ করে নিজের ব্যবহৃত বিছানা এনে লোকটিকে বিছিয়ে দিয়ে বললেন, সে যে ধর্মেরই হোক না কেন? সে তো এখন আমার মেহমান।
আপনারা এখানে দস্তরখানা বিছিয়ে খাবার খাচ্ছেন। বাড়িতে গিয়েও সেমতে আমল করবেন। নফল নামায, তাহাজ্জত, ইশরাক, আওয়াবীন ও ছালাতুত তাছবীহসহ যেসব নফল নামায আপনারা এখানে আদায় করতেছেন, সেগুলো বাড়ি গিয়েও আদায় করবেন। ভাই, নিশ্বাসের বিশ্বাস নেই। কাজেই সময় থাকতে আমল করুন।
এখান থেকে যা শিখে যাবেন, সবসময় সেমতে আমল করবেন। ইমাম সাহেবের নিকট গিয়ে বলবেন, আমার নামাযটা হচ্ছে কিনা একটু দেখুন।আমার রুকু, সেজদা, কেরাত, তাশাহ্হুদ,দরুদ শরীফ, দু’আ মাছূরা, দু’আ কুনুত ইত্যাদি ঠিক আছে কিনা একটু দেখুন।
শিরক-বিদআত থেকে দূরে থাকুন। মাযারে সেজদা করবেন না। নামায কাযা করবেন না। যাকাত, রোযা ও হজ্ব সঠিকভাবে আদায় করুন।
