
ফাতেহ ডেস্ক
গত ১০ বছরে সংঘটিত হত্যা-ধর্ষণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিচারহীনতা ও সুশাসনের অভাবেই অপরাধ বাড়ছে বলেও দাবি তার। অতীতের হত্যা-নির্যাতনের সুষ্ঠু বিচার হলে, প্রকাশ্যে খুনের মতো ঘটনা ঘটতো না বলেও মনে করেন দলটির নেতারা।
মির্জা ফখরুল শপথ না নেয়ায় শূন্য ঘোষিত বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে জয় পান বিএনপি প্রার্থী জিএম সিরাজ। শুক্রবার বিকেলে তাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান দলের কেন্দ্রীয় নেতারা।
এসময় সংসদে বলিষ্ঠ ভূমিকা পালনের প্রত্যয়ের কথা জানান নব নির্বাচিত সাংসদ জি এম সিরাজ।
এপর্যায়ে সামনে আসে বরগুনায় রিফাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রসঙ্গ। এতে বিএনপি মহাসচিবের অভিযোগ, বর্তমান সরকারের আমলে কেউ নিরাপদ নয়।
এর আগে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিচারহীনতার কারণেই সমাজে বাড়ছে অপরাধ।
মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি নেতারা।
