শিশু সন্তানদের গলায় ছুরি ধরে রিকশাচালকের স্ত্রীকে ধর্ষণ

ফাতেহ ডেস্ক

ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়। জনৈক রিকশাচালকের দুই শিশু সন্তানের গলায় ধারালো ছুরি ধরে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেছে জামাল নামের এক যুবক। গত বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার ধর্ষণের মামলা দায়ের করেছেন নির্যাতিত ওই নারী।

জানা যায়, বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের মিষ্টার আলীর বাড়িতে বসবাস করত হতদরিদ্র রিকশা চালকের স্ত্রী (২৫) ও তার দুই শিশু সন্তান। ওই রিকশা চালক ঢাকায় রিকশা চালান। তিনি বাড়িতে না থাকায় গত বৃহস্পতিবার (২৭ জুন ) ভোর ৪ টার দিকে একই গ্রামের জামাল মিয়া (৩০) নামের এক যুবক ওই নারীর ঘরে ঢুকে তার দুই শিশু সন্তানের গলায় ছুরি ধরে। পরে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে জামাল মিয়া।

এ সময় ওই নারীর সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে বাড়ির মালিক মিষ্টার আলী এগিয়ে এলে ধর্ষক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে ধর্ষক জামাল মিয়া পলাতক রয়েছে। আজ শনিবার দুপুরে নির্যাতিতা ওই নারী বাদী হয়ে ধর্ষক জামাল মিয়াকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহবুব আলম জানান, নির্যাতিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

আগের সংবাদ‘দেশ আজ অনৈতিকতার অতল গহ্বরে নিমজ্জিত’
পরবর্তি সংবাদমধ্যপ্রাচ্যে মার্কিন শান্তি পরিকল্পনা ব্যর্থ হবে, বললেন জাতিসংঘের বিশেষজ্ঞ