
ফাতেহ ডেস্ক
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, যারা সংসদের লড়াইয়ের কথা ভাবেন তারা সংসদে সময় পান ২ মিনিট। আর ১ মিনিট পার হলেই মাইক বন্ধ করে দেয়া হয়।
শনিবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন। শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে ‘জাতীয় রাজনীতি: গণতন্ত্রের মুক্তি কোন পথে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
মান্না বলেন, বিরোধী দলের সাংসদেরা বক্তব্য দেয়ার আগে স্পিকার বলে দেন- যেন কোনো অসঙ্গতিমূলক বক্তব্য দেয়া না হয়। এভাবে তো আন্দোলন হয় না। এভাবে তো গণতন্ত্রের মুক্তি আসবে না।
যারা রাজপথের লড়াই বাদ দিয়ে সংসদের লড়াইয়ের কথা ভাবেন তারা আসলে কোনো লড়াই করতে পারবেন না বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো দেশে হয়তো ৩০ বছর লেগেছে, কোন দেশে ১০ বছর লেগেছে, তবে আমরা যত তাড়াতাড়ি আন্দোলনে নামতে পারব তত তাড়াতাড়ি গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমি না পারলে আপনি করবেন। আপনি না পারলে তৃতীয় কোনো পক্ষ করবে। তবে আন্দোলন করতেই হবে। আন্দোলনে নামতে পারলে বড়জোর দুই বছর লাগবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে।
