
আন্তর্জাতক ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অবশ্যই সাংবাদিক জামাল খাশোগি হত্যাকারীদের প্রকাশ্যে নিয়ে আসতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শনিবার জাপানে জি২০ সম্মেলনে সাংবাদিকদের এরদোগান বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি দিক এখনো অপ্রকাশিত রয়ে গেছে। এমন তথ্য পাওয়া গেছে। ইস্তাম্বুুলে আসা সৌদির ১৫ সদস্যের একটি দল খাশোগি হত্যাকাণ্ডের জন্য দায়ী। কাজেই অপরাধীদের অন্যত্র খুঁজে লাভ হবে না।
খুনিদের বিচার তুরস্কেই হওয়া উচিত বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
এদিকে সৌদি আরবের কাছে মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রির প্রতি গুরুত্বারোপ করার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমার বন্ধু, যিনি সৌদি আরবের অর্থনীতি ও সামাজিক সংস্কারের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন।
ট্রাম্প বলেন, আমি মনে করি নারীদের জন্য তিনি যা করেছেন এবং যা কিছু ঘটছে বলে দেখতে পাচ্ছি, এটা খুবই ইতিবাচক পথে একটি বিপ্লবের মতোই।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, আমাদের দেশ সৌদি আরবের দীর্ঘ যাত্রায় সর্বোচ্চ ভালোটিই করার চেষ্টা করছি আমরা।
শনিবার যুবরাজের সঙ্গে বৈঠকে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন কিনা, তা জানাতে অস্বীকার করেছেন ট্রাম্প।
