
ফাতেহ ডেস্ক
ছয় মাসে দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ‘ক্রসফায়ারে’ ১৯৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।
আজ সোমবার চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত খবরের ভিত্তিতে মানবাধিকার সংস্থাটি এই তথ্য দেয়।
সংস্থাটির হিসাব বলছে, “গত ছয় মাসে র্যাবের ‘ক্রসফায়ারে’ ৫৯, পুলিশের ‘ক্রসফায়ারে’ ৯২, ডিবি পুলিশের ‘ক্রসফায়ারে ‘১২, যৌথবাহিনীর ‘ক্রসফায়ারে’ এক, কোস্টগার্ডের ‘ক্রসফায়ারে’ এক, বিজিবির ‘ক্রসফায়ারে’ ২৮, পুলিশের নির্যাতনে দুই, পুলিশের গুলিতে দুই, বিজিবির গুলিতে তিন ও পুলিশের হেফাজতে আত্মহত্যা করেছেন একজন। এ ছাড়া দুজনের ‘গুলিবিদ্ধ লাশ’ উদ্ধার ও র্যাবের হেফাজতে অসুস্থ হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।”
এই সময়ের মধ্যে ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীর অভিযোগের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাদা পোশাকধারী ব্যক্তিরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নয়জনকে আটক করার খবর গণমাধ্যমে এসেছে। এদের মধ্যে দুজন ফেরত এসেছেন ও একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু বাহিনীগুলো আটকের এসব অভিযোগ অস্বীকার করেছে।
আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী গ্রেপ্তারের আগে ‘ক্রসফায়ারে’ মারা গেছেন ১৫১ জন ও গ্রেপ্তারের পরে ‘ক্রসফায়ারের’ শিকার হয়েছেন ৪২ জন। এর বাইরে কারা হেফাজতে আরও ৩০ জন মারা গেছেন বলে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। এদের মধ্যে কয়েদি ১০ জন ও হাজতি ২০।
