নয়ন বন্ডের নিহতের খবরে স্বস্তি রিফাতের পরিবারে

ফাতেহ ডেস্ক

বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে কুপিয়ে রিফাত শরিফকে হত্যার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন হত্যাকান্ডের শিকার রিফাত শরীফের বাবা দুলাল শরীফ।

তিনি বলেন, বন্দুকযুদ্ধে নয়ন বন্ডের নিহত হওয়ার খবর শুনে আমার খুব ভালো লাগছে। আইনশৃঙ্খলা বাহিনীর এত দিনের পরিশ্রম সার্থক হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, যার নির্দেশে জিরো টলারেন্স ঘোষণার পরই প্রশাসন তৎপর হয়েছে। তারা রাত-দিন কাজ করে আসামিদের ধরেছে। গত রাতে নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে, এতে আমার ছেলের আত্মা যদি একটু শান্তি পায় বলেই কেঁদে ফেলেন তিনি।

দুলাল শরীফ আরও বলেন, মিডিয়া কর্মীদের আমি ধন্যবাদ জানাই। তাদের প্রচার আসামিদের ধরতে সহায়তা করেছে। এই আসামিরা কারা, তারা কাদের ছত্রছায়ায় চলে এটা গোয়েন্দা সংস্থাকে তদন্ত করে বের করে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানাচ্ছি।

রিফাত শরিফকে হত্যার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন হত্যাকান্ডের শিকার রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

আয়েশা সিদ্দিকা মিন্নি বলেন, শোকে বিধ্বস্ত আমি, ঠিক এমন একটা খবরের অপেক্ষায় ছিলাম। মঙ্গলবার সকালে বাবা এসে বললেন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে নয়ন বন্ড। এ খবর শুনেই সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছি। কারণ বিচারের জন্য আদালতে দৌড়াতে হলো না। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি দ্রুত সময়ের মধ্যে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ওরা ধরা পড়বে কি পড়বে না খুব শঙ্কায় ছিলাম। বিচার হবে কি হবে না তা নিয়ে ছিল আতঙ্ক। নয়নের নিহতের মধ্য দিয়ে সব শঙ্কা এবং আতঙ্ক দূর হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের আমি শাস্তি চাই। তারাও যেন কঠোর শাস্তি পায় এই প্রার্থনা করি।

নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় আমরা পুরো পরিবার খুশি হয়েছি উল্লেখ করে মিন্নির বাবা মোজাম্মেল বলেন, আজকের দিনটি শুরু হলো একটা খুশির খবর দিয়ে। বাজারে গিয়ে সবার মুখে বন্দুকযুদ্ধে নয়ন বন্ডের নিহতের খবর শুনে তড়িঘড়ি করে এসে খবরটা মিন্নিকে জানাই। শুনার সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলো মেয়ে। গত কয়েকদিন ধরে বিধ্বস্ত ছিল মেয়েটি। এ খবর শুনে অনেক খুশি হয়েছে মিন্নি। আমরা সবাই খুশি, বাকিদের যেন এমন শাস্তি হয় সেই কামনা করি।

তিনি বলেন, নয়ন বন্ড এবং ফরাজী ধরা না পড়ায় আমরা আতঙ্কে ছিলাম। সে আতঙ্ক কেটেছে। বিচারের জন্য দৌড়াতে হলো না। প্রধানমন্ত্রী দ্রুত বিচার পাইয়ে দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। এখন বাকিদের শাস্তি হলেই রিফাতের আত্মা শান্তি পাবে।

আরএইচ/

আগের সংবাদলাইফ সাপোর্টে এরশাদ, অবস্থা ক্রিটিক্যাল
পরবর্তি সংবাদসিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় নিহত ৪, আহত ২১