আজিমপুরে মসজিদের ভেতর খাদেমের লাশ উদ্ধার

ফাতে ডেস্ক

রাজধানীর আজিমপুরে একটি মসজিদের ভেতর থেকে এক খাদেমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খাদেমের নাম হানিফ (৪৫) । লালবাগ থানার পুলিশ আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ জামে মসজিদ থেকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন জানান, মসজিদের খাদেমসহ চারজন একসঙ্গে থাকতেন। কে বা কারা কেন খাদেমকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, রাতে আমাদের কাছে খবর আসে মসজিদের দ্বিতীয় তলার পরিত্যক্ত কক্ষ থেকে বস্তা উদ্ধারের। পরে সেখানে গিয়ে পরিত্যক্ত ওই কক্ষ থেকে বস্তাবন্দি হানিফ নামে মসজিদের খাদেমের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পেটে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে ।

আরএইচ/

আগের সংবাদ‘জঙ্গিবাদ’ ছড়াচ্ছে পশ্চিবঙ্গের মাদ্রাসাগুলোতে : প্রতিমন্ত্রী রেড্ডি
পরবর্তি সংবাদঢাবির অনলাইনে ভর্তির আবেদন শুরু ৫ আগস্ট, পরীক্ষা ১৩ সেপ্টেম্বর