ঢাবির অনলাইনে ভর্তির আবেদন শুরু ৫ আগস্ট, পরীক্ষা ১৩ সেপ্টেম্বর

ফাতেহ ডেস্ক

ঢাকা বিশ্বথবিদ্যালয়ের ২০১৯-২০ সেশথনের অধীনে অনার্সে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী ৫ আগস্ট থেকে শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়। ঢাবি ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানসহ অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্যসহ অন্যান্য অনুষদের ডিনরা এতে উপস্থিত ছিলেন।

ডিনস কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অনলাইন ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আর পরীক্ষা শুরু হবে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার)। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় চলতি বছরের ভর্তি পরীক্ষাও গ-ইউনিটের (বাণিজ্য) মাধ্যমেই শুরু হবে। চ-ইউনিটের (চারুকলা) সাধারণ জ্ঞান বিষয়ের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর (শনিবার), ক-ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর (শুক্রবার), খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর (শনিবার), ঘ-ইউনিটের (কলা ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) এবং চ-ইউনিটের (অঙ্কন) পরীক্ষা ২৮ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।

পরীক্ষার পদ্ধতির বিষয়ে জানতে চাইলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হাসানুজ্জামান বলেন, আপাতত ৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪০ নম্বরের লিখিত পরীক্ষার ধরন কী রূপ হবে সে বিষয় নির্ধারণ করতে সাব-কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। সামনের সপ্তাহের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

আরএইচ/

আগের সংবাদআজিমপুরে মসজিদের ভেতর খাদেমের লাশ উদ্ধার
পরবর্তি সংবাদ৫ জুলাই শুক্রবার থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু