দিল্লিতে মন্দিরে হামলা, হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে একটি মন্দিরে ছোটখাট এক হামলার ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের উর্ধ্বতন মহল সচেষ্ট হয়েছে। শান্তির জন্য মুসলিম ও হিন্দু নেতারা বৈঠক করেছেন। তারা পদযাত্রা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

উত্তপ্ত পরিস্থিতিতে বুধবার দিল্লি পুলিশের কমিশনারকে তলব করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকের পর দিল্লি পুলিশের প্রধান জানিয়েছেন মন্দিরে হামলাকারীদের কয়েকজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। খবর অনলাইন বিবিসির।

স্থানীয় এমএলএ অলকা লাম্বা বলেন, হ্যাঁ, দুর্গা মন্দিরে পাথর ছোঁড়াতে কিছু কাচ ভেঙেছে বা মন্দিরের ক্ষতি হয়েছে এ কথা ঠিকই – কিন্তু মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে বা আগুন লাগানো হয়েছে বলে যে সব রটনা চলছে তা সম্পূর্ণ মিথ্যে কথা।”

পুরনো দিল্লির ফতেহপুরী শাহী মসজিদের ইমাম মুফতি মুকাররম আহমেদ জানিয়েছেন, প্রায় তিন দশক আগে লালকৃষ্ণ আদভানির রথযাত্রাও এই রাস্তা দিয়ে গিয়েছিল। তখনও কিন্তু আমাদের মসজিদের ওপর ইটপাটকেল ছোঁড়া হয়েছিল, ত্রিশূল দিয়ে ইমাম সাহেবকে আঘাত করা হয়েছিল। তবে আমরা ওই ঘটনায় তেমন কোনও ব্যবস্থা না নিয়ে আপস করেছিলাম – কোনও মামলা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি। এবারেও মুসলিমরা প্রয়োজনে মন্দিরের পুনর্নিমাণে সাহায্য করবে বলে জানিয়ে বিষয়টি আপোসে মিটিয়ে নেওয়ারই আবেদন জানিয়েছেন দিল্লির ফতেহপুরী শাহী মসজিদের ইমাম।

উল্লেখ্য, পুরনো দিল্লির অতি ঘিঞ্জি এলাকা হাউজ কাজিতে রবিবার বেশি রাতে দুই হিন্দু ও মুসলিম প্রতিবেশীর মধ্যে বাড়ির সামনে মোটরবাইক পার্ক করাকে কেন্দ্র করে তুচ্ছ বচসা হয়েছিল। তার জেরেই ঘন্টাকয়েক পর স্থানীয় দুর্গা মন্দিরে একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ।

আরএইচ/

আগের সংবাদসৌদি আরবে মার্কিন র‍্যাপারের কনসার্ট, উপস্থিত নারীরা পরবে আবায়া
পরবর্তি সংবাদপাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয় : হামিদ মীর