
ফাতেহ ডেস্ক
রথযাত্রা শেষে বাড়ি ফেরার সময় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসচাপায় মা-মেয়েসহ একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসচালকসহ আরও অন্তত সাত যাত্রী। নিহতরা হলেন- দেবী বর্মণ (৫৭) ও তার মেয়ে গীতা রানী (৩০) ও বর্ষা (১৪)। নিহতদের বাড়ি উপজেলার সোনাপুর ও বেহাকইর এলাকায়।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি (তদন্ত) আলী রেজা বলেন, নিহতরা রথাযাত্রা শেষে বাড়ি ফিরছিলেন। রাতে কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী রাসেল পরিবহন নামে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিন নারী। পরে একই সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী একটি লরির সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালকসহ অন্তত সাতযাত্রী আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় বাসচালকের সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে। এছাড়াও জব্দ করা হয়েছে লরিটি।
আরএইচ/
