
ফাতেহ ডেস্ক
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাড়ি ফেরার পথে অটোভ্যান থেকে নামিয়ে নিয়ে এক নারীকে পালাক্রমে ধর্ষণ করেছে স্থানীয় কয়েক যুবক। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ওমর সানীর মোড় নামকস্থানে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
ওই নারী শনিবার বিকেল থেকে পুলিশি হেফাজতে রয়েছেন। রাত ১০টার দিকে এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর দক্ষিণ দহপাড়ার বাসিন্দা ওই নারী শুক্রবার বিকেলে তার ব্যক্তিগত কাজে পার্শ্ববর্তী সোনাতলা উপজেলায় যান। কাজ শেষে রাতে একটি অটোভ্যানে বাড়ি ফিরছিলেন। অটোভ্যানটি ওমর সানীর মোড় নামকস্থানে পৌঁছালে একদল যুবক তাদের গতিরোধ করে। পরে জোর করে ওই নারীকে ভ্যান থেকে নামিয়ে সড়কের পাশের একটি কলা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ওই সময় ভয়ে ভ্যানচালক সেখান থেকে পালিয়ে যায়।
ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে তার বাড়িতে খবর দিলে ওই নারীর ছেলে এসে তাকে সঙ্গে নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। রাতেই শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয়টি জানার পর থানা পুলিশ হাসপাতাল থেকে ওই নারীকে নিজেদের হেফাজতে নেয়। এরপর শনিবার বিকেল থেকে অভিযান চালিয়ে মুল আসামিকে আটক করে পুলিশ।
শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনার মূল অভিযুক্ত জিহাদ হোসেনসহ ৬ জনকে আটক করা হয়েছে। জিহাদ সৈয়দপুর পূর্ব পাড়ার ফজলুল হকের ছেলে। তিনি বলেন, ওই নারীর অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করার পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পুনরায় মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে।
