রংপুরেই দাফন করা হবে এরশাদের মরদেহ

ফাতেহ ডেস্ক

রংপুরেই দাফন করা হবে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ।

জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, রংপুরের মানুষের ভালোবাসায় শ্রদ্ধা রেখে রংপুরে হুসেইন মুহম্মদ এরশাদকে দাফন করার অনুমতি দিয়েছেন বেগম রওশন এরশাদ। পাশে রওশন এরশাদের জন্য কবরের জায়গা রাখার অনুরোধও করেছেন রওশন এরশাদ এমপি।

এর আগে, গত রোববার (১৪ জুলাই) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এরশাদ। তার বয়স হয়েছিল ৯০ বছর। ওইদিন বাদ জোহর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে এরশাদের প্রথম জানাজা সম্পন্ন হয়।

সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা হয়। জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতির মরদেহ রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য রাখা হয়। এরপর বাদ আসর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা শেষ হয়। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ২টা ২৯ মিনিটে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এরশাদের চতুর্থ জানাজা সম্পন্ন হয়।

আরএইচ/

আগের সংবাদভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রিপোর্ট : পাকিস্তান পরমাণু অস্ত্রসম্ভার বাড়াচ্ছে
পরবর্তি সংবাদগাড়ির চাকায় পিষে ফিলিস্তিনি শিশুকে হত্যা করল ইসরায়েলি বাহিনী