
আন্তর্জাতিক ডেস্ক
পবিত্র ওমরাহ হজ পালন শেষে বাসে করে মক্কা থেকে আরব আমিরাত হয়ে দেশে ফিরছিলেন ওমানের ৫২ হজযাত্রী। যাত্রাপথে সংযুক্ত আরব আমিরাতের একটি মহাসড়কে ধাতব নির্মিত একটি উঁচু স্থানে বাসটি ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আহত হন বেশ কয়েকজন হজযাত্রী। আবুধাবি পুলিশ সূত্রে খবর খালিজ টাইমসের।
পুলিশ সূত্র জানায়, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই সড়ক দিয়ে মক্কা থেকে ওমানে যাচ্ছিলেন তারা। তবে এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি বলে জানিয়েছে আবুধাবি পুলিশ কর্তৃপক্ষ।
আবুধাবি ট্রাফিক পুলিশ বিভাগের পরিচালক বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়ে ঘটনার শিকার হজযাত্রীদের উদ্ধার করে। পরে আরও একটি উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়।’
ট্রাফিক পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, ‘উদ্ধার করার পর তাদের নিরাপদে সরিয়ে একটি বাড়িতে রাখা হয়েছে। যতক্ষণ না বিকল্প কোনো পরিবহনের ব্যবস্থা করা না যায় ততক্ষণ তাদের প্রয়োজনীয় খাবার এবং পানিও সরবরাহ করা হবে।’
