ইরানের সঙ্গে যুদ্ধ নয়, কূটনৈতিক সমঝোতা চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে যুদ্ধ নয়, বরং কূটনৈতিক সমঝোতা চায় যুক্তরাষ্ট্র। খবর ভয়েস অব আমেরিকার।

মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির এক বৈঠকে দেয়া বক্তব্যে মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার স্পষ্ট করে বলেছেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চায় না। ইরানের সঙ্গে যুদ্ধ না জড়ানোর ব্যাপারে আমার সমর্থন রয়েছে। আমাদের ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে ফিরে যেতে হবে।

ইরানের ব্যাপারে কূটনীতিকে ‘সবচেয়ে যুক্তিপূর্ণ উপায়’ মনে করেন কিনা, সিনেটরদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, কূটনীতি সব সময়ই এমন ছিল।

তবে মার্ক এসপার এ কথাও বলেন, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল নির্বিঘ্ন করতে এগুলোর চলাচলের ওপর নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এ লক্ষ্যে মার্কিন সরকার মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় এবং এ বিষয়ে শিগগিরই সিনেটকে জানাবে ট্রাম্প প্রশাসন।

‘অপারেশন সেন্টিনেল’ নামের ওই পরিকল্পনা ইরানকে প্রতিহত করার উদ্দেশ্যে তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। গত ২০ জুন আমেরিকার একটি পাইলটবিহীন ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করার পর ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এটিকে গুলি করে ভূপাতিত করে। তখন থেকে ইরান-মার্কিন সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে।

আরএইচ/

আগের সংবাদপ্রধানমন্ত্রীর কাছে এইচএসসি ও সমমানের ফল হস্তান্তর, পাসের হারে এগিয়ে মাদ্রাসা বোর্ড
পরবর্তি সংবাদমুসলিম শিশু-কিশোরদের মাঝে ইসকনের কৃষ্ণ প্রসাদ বিতরণ চরম ধৃষ্টতার শামিল : আল্লামা বাবুনগরী