সমাজ বিজ্ঞান বই থেকে বিবর্তনবাদ অধ্যায় বাতিলের দাবি আতাউল্লাহ হাফেজ্জীর

ফাতেহ ডেস্ক

বাংলাদেশ খেলাফত আন্দোলন আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, অবিলম্বে একাদশ-দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান বই থেকে ইসলাম বিরোধী বিবর্তনবাদ অধ্যায় বাতিল করতে হবে। বিবর্তনবাদ নাস্তিক্যবাদ শিক্ষা দেয়। সৃষ্টিকর্তাকে অস্বীকার করে। মানুষ ও বানর একই বংশের, প্রকৃতির সবকিছু এমনিতেই হয়েছে ইত্যাদী নাস্তিক্যবাদ নয়তো কি? এগুলো কোনো বিবেকবান মানুষের কথা হতে পারে না।

বুধবার বিকালে কামরাঙ্গীরচর মাদরাসায় ওলামায়ে কেরামের সাথে এক মতবিনিময় সভায় আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইসলাম ধর্ম মানুষের চিন্তাচেতনার ফসল নয় বরং সৃষ্টিকর্তা প্রদত্ত ধর্ম। ধর্ম মানুষকে অন্যায়-অপকর্ম থেকে বিরত রাখে। যার ধর্ম নেই সে যা ইচ্ছা তাই করতে পারে, বলতে পারে, তাই সমস্ত অপকর্মকে বৈধ করার জন্যই ধর্মকে অস্বীকার করা হয়। এদেশের ৯২ ভাগ শিক্ষার্থী ধর্মকে বিশ্বাস করে। ডারউইনের মতবাদ, বিবর্তনবাদকে পাঠ্যপুস্তকের অন্তর্ভূক্ত করে শিক্ষার্থীদের নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। এ বিবর্তনবাদ ইউরোপ, আমেরিকাসহ অন্যান্য দেশেও পাঠ্যপুস্তকভ’ক্ত নয়।

তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস লালন করা ধর্মীয় রীতি-নীতি মান্য করা মানুষের নাগরিক ও সাংবিধানিক অধিকার। ঈমান, আক্বিদা ও সংবিধান বিরোধী শিক্ষানীতি চালু করার অধিকার কারো নেই। সুশিক্ষা জাতির মেরুদন্ড। এসব বিবর্তবাদের কুশিক্ষা কোন জাতির মেরুদন্ড হতে পারেনা, বরং জাতিকে ধ্বংস করার মহাষড়যন্ত্র। অবিলম্বে শিক্ষানীতি সংশোধন করা না হলে সারাদেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মাওলানা হাবিবুল¬াহ মিয়াজী, মাওলানা মুজিবুর রহনান হামিদী, মুফতি সুলতান মুহিউদ্দিন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সানাউল্লাহ, মাওলানা বাহাউদ্দিন, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মাওলানা রহমতুল্লাহ, মুফতি আফম আকরাম হুসাইন, মাওলানা আবুল কাসেম রায়পুরী ও মাওলানা মাসউদুর রহমান প্রমূখ।

আগের সংবাদহিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে হাটহাজারীতে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল আজ
পরবর্তি সংবাদইরাকে তুর্কী কূটনীতিক হত্যা : প্রতিশোধের হুমকি তুরস্কের, শোক প্রকাশ ইরানের