
আন্তর্জাতিক ডেস্ক
সাইকেলে চড়ে হজ করতে যাচ্ছেন ৮ ব্রিটিশ মুসলিম। ৭ জুলাই থেকে তারা যাত্রাও শুরু করে দিয়েছেন লন্ডন থেকে। খবর আনাদোলুর ।
হজে যাওয়ার জন্য তাদেরকে অতিক্রম করতে হবে মোট ১৭টি দেশ। এভাবে ধারাবাহিকভাবে ১৭টি দেশ অতিক্রম করে তারা পৌঁছে যাবেন মহানবির শহর মদিনায়। মদিনা থেকেই তারা হজ ও ওমরা পালনের প্রস্তুতি গ্রহণ করবেন।
সাইকেল চালিয়ে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছতে তাদের সময় লাগবে প্রায় ৬০ দিন। তবে ১৭টি দেশের মধ্যে দুটি দেশ তারা সাইকেলে পাড়ি দিচ্ছেন না। জানা গেছে, শুধু ইরাক ও সিরিয়া বিমানে পাড়ি দেবেন এ আট হজযাত্রী।
তবে সাইকেলে করে হজযাত্রা এবারই প্রথম নয়। এর আগেও আরও কয়েকটি গ্রুপ এভাবে সাইকেলে যাত্রা করে হজ পালন করেছে।
লন্ডন থেকেই ২০১৭ সালেও একটি গ্রুপ সাইকেলে হজ পালনে পবিত্র নগরী মক্কায় যান। এর পর ২০১৮ সালে কেনিয়ার নাইরোবি থেকে এক নারীসহ ৪ জনের একটি গ্রুপ একইভাবে সাইকেলে চড়ে হজ করতে গিয়েছিলেন। হজ ছাড়াও তাদের উদ্দেশ্য ছিল যাত্রা পথে বিভিন্ন দেশে কেনিয়ার শিক্ষা বঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহ করা।
