
আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারি কর্মচারীদের বহনকারী বাসে তিনটি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খনি ও পেট্রলিয়াম মন্ত্রণালয়ের কর্মচারীদের বহনকারী বাসে প্রথম হামলাটিতে পাঁচ জন নিহত ও ১০ জন আহত হন, এর কয়েক মিনিট পর কাছেই দ্বিতীয় আরেকটি বিস্ফোরণে সাত জন নিহত ও ২০ জন আহত হন। খবর বার্তা সংস্থা রয়টার্স।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, ‘প্রথমে মিনিবাসটিতে লাগিয়ে দেওয়া একটি চুম্বক বোমা বিস্ফোরিত হয়, এ বিস্ফোরণের পর কাছেই এক আত্মঘাতী আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায়। নগরীর পূর্বাংশে অজ্ঞাত কেউ আরেকটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। তিন বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস্ অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল যোশেফ ডানফোর্ড কাবুলে শীর্ষ মার্কিন ও নেটো কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় এসব হামলা চালানো হয়।
তিনটি বিস্ফোরণের কোনোটির দায় কেউ স্বীকার করেনি।
