
ফাতেহ ডেস্ক
বুধবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ পূর্ব মেড্ডা শান্তিবাগ জামে মসজিদে অগ্নিসংযোগ করে মসজিদের অভ্যন্তরীণ অংশে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখা।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা শাখার যুগ্ম সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান বলেন, ইসলাম ও আলেম উলামাদের পুণ্যভূমি ব্রাক্ষণবাড়িয়ায় আল্লাহর ঘর মসজিদে অগ্নিসংযোগের মতো ঘটনায় ব্রাক্ষণবাড়িয়ার মুসলিম জনতা ক্ষুব্ধ।
বিবৃতিতে তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। এই ঐতিহ্যকে বিনষ্ট করে উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর কুমতলবে মসজিদে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে। তাই অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ব্রাক্ষণবাড়িয়ার শান্ত পরিবেশ অশান্ত হয়ে যেতে পারে।
তিনি বলেন আজ যদি কোনো মন্দিরে এমন ঘটনা ঘটত তাহলে হয়তো প্রগতিশীল নামের অ সুশীল ব্যক্তিরা ও প্রশাসন দৌড়ঝাঁপ শুরু করে দিত। কিন্তু আজ মসজিদে অগ্নিসংযোগ করা হলেও এখন পর্যন্ত দোষীদের গ্রেপ্তারে কোনো তৎপরতাই চোখে পড়ছে না।
ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ উত্তপ্ত হওয়ার আগেই মসজিদে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
