
ফাতেহ ডেস্ক
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক-এর মজলিসে শুরার জরুরি বৈঠক আজ শনিবার সকাল ১০ ঘটিকায় রাজধানীর ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আল্লামা জুনাইদ বাবুনগরী, আল্লামা আশরাফ আলী, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা আবদুল কুদ্দুস, মাওলানা আবদুর রব ইউসুফী, মুফতি ওয়াক্কাস, সৈয়দ রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশের কওমি মাদরাসার প্রচলিত নেসাবে তালিমকে ১৬ বছরে উন্নীত করে যুগোপযোগী ও মানসম্মত করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ বৈঠকে। কাফিয়া, শরহেজামী জামাতকে পৃথক করা, কাফিয়া জামাতে পরীক্ষা নেওয়া এবং জালালাইন ও মেশকাতের মাঝে নতুন কোনো জামাত খোলার ব্যাপারে বৈঠকে প্রস্তাব করা হয়। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি আজ। মজলিসে শুরার পরবর্তী বৈঠকে এ প্রস্তাবের উপর মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে।
গত বছরের মেশকাত জামাতের পরীক্ষার প্রশ্নফাঁস হলে পরীক্ষা পদ্ধতি সাময়িক চ্যালেঞ্জের মুখে পড়েছিল। বেফাকের দায়িত্বশীলগণ তাৎক্ষণিক যদিও সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছিলেন, তবে দীর্ঘমেয়াদী কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারেও আজকের বৈঠকে আলোচনা হয়। এ প্রসঙ্গে পরবর্তী পরীক্ষার জন্য মারকায (কেন্দ্র) কমিয়ে আনা, বিশ্বস্ত নেগরান নিয়োগ ও দক্ষ মুমতাহিনের মাধ্যমে খাতা দেখানোর বিষয়েও আলোচনা হয়।
