
আন্তর্জাতিক ডেস্ক
এবার ভারতের অস্ত্রভাণ্ডারে যোগ হলো বিশ্বের ভয়ঙ্করতম বোমারু হেলিকপ্টার এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক। ভারতের ভাণ্ডারে রক্ষিত পুরনো প্রযুক্তির এমআই ৩৫ হেলিকপ্টারের জায়গায় এখন থেকে কাজ করবে এএইচ ৬৪ই অ্যালপাচে হেলিকপ্টারগুলো।
হেলিকপ্টার এএইচ ৬৪ই অ্যালপাচে গার্ডিয়ান অ্যাটাক ৩০এমএম মেশিনগান থেকে টানা ২১০০ রাউন্ড গুলি চালাতে পারে। এমনকি ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল চালাতেও সক্ষম এই অত্যাধুনিক হেলিকপ্টার। এগুলো বেশ দ্রুতগতিরও। ঘণ্টায় ১৫০ নটিকাল মাইল গতিতে উড়তে সক্ষম।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে মোট ২২টি এএইচ ৬৪ই অ্যালপাচে হেলিকপ্টার কেনার কথা রয়েছে ভারতের।
শনিবার (২৭ জুলাই) প্রথমধাপে চারটি এসে পৌঁছেছে। এসব হেলিকপ্টারকে দেশটির উত্তরপ্রদেশে পাক-ভারত সীমান্তে জিয়াবাদের বিমান বাহিনীর ঘাঁটিতে পাঠানো হয়েছে। সম্প্রতি জিয়াবাদের ওই বিমান বাহিনীর ঘাঁটিটি আক্রমণের শিকার হয়। তাই ভয়ঙ্করতম বিধ্বংসী হেলিকপ্টারটির প্রথম চারটিকে সেখানে পাঠানো হয়েছে।
