বন্যায় ৬ লাখ ৫১ হাজার কৃষকের ১১৫২ কোটি টাকার ক্ষতি : কৃষি অধিদপ্তর

ফাতেহ ডেস্ক

সর্বনাশা বন্যায় ৬ লাখ ৫১ হাজার কৃষকের উৎপাদিত বিভিন্ন আক্রান্ত ফসলের ১ হাজার ১৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে সরচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজির। সারা দেশে ২৯০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। এ ছাড়া আউশ, আমন, বীজতলা ও পাটের বড় আকারের ক্ষতি হয়েছে। এই সব জেলায় সব মিলিয়ে ১ লাখ ৭১ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাকৃতিক দুর্যোগে (বন্যা) ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

অধিদপ্তরের তথ্য অনুসারে, ফসলের মধ্যে ধানক্ষেত, ধানের বীজতলা, গ্রীষ্মকালীন সবজি, কলাবাগান, মরিচের ক্ষেত, পাটক্ষেত, আখক্ষেত কোনো কিছুই বাদ যায়নি। ক্ষয়ক্ষতির মধ্যে দেশের ৩১ জেলার ১ লাখ ৭১ হাজার ২৮৯ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এর ফলে এসব ফসলের কিছু সম্পূর্ণ ও কিছু আংশিক ক্ষতি হয়।

রবিবারের দেওয়া চূড়ান্ত হিসাব অনুসারে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১ হাজার ১৫২ কোটি ৬২ লাখ টাকা। এই ক্ষতির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজির। বন্যায় গ্রীষ্মকালীন সবজির ১৫ হাজার ৪৬৯ হেক্টর জমি তলিয়ে যায়, যার ক্ষতির পরিমাণ ২৯০ কোটি ২৩ লাখ টাকা। অন্যান্য ফসলের মধ্যে আউশ ধানের ৫০ হাজার ১০২ হেক্টর জমি তলিয়ে যায়, যার ফলে ক্ষতি হয় ২৫২ কোটি ৪৪ লাখ টাকা, রোপা আমন ১ হাজার ২৮৩ হেক্টর তলিয়ে যায়, ক্ষতির পরিমাণ ২৫ কোটি ৫৫ লাখ টাকা, বোনা আমন ৪০ হাজার ৭৬১ হেক্টর জমিতে ক্ষতি হয় ১৫৪ কোটি ৬১ লাখ টাকা, আমন বীজতলা ১৬ হাজার ৬২৫ হেক্টর জমির ক্ষতির পরিমাণ ১২৬ কোটি ৩৫ লাখ টাকা, পাটক্ষেত তলিয়ে যায় ৪৫ হাজার ২০৯ হেক্টর, যার ক্ষতির পরিমাণ ২৫৯ কোটি ৭০ লাখ টাকা, আখক্ষেত ৫৬৫ হেক্টর, ক্ষতি ৪ কোটি ৪০ লাখ, কলাক্ষেত ৩৫২ হেক্টর, ক্ষতি ৭ কোটি ৩২ লাখ, মরিচক্ষেত ৮০০ হেক্টর, ক্ষতি ৩০ কোটি ৯৬ লাখ টাকা, পানের বরজ তলিয়ে গেছে ৩টি। এতে ক্ষতি হয়েছে ৬০ লাখ টাকা।

অন্যান্য ১২০ হেক্টর ফসলি জমি তলিয়ে গিয়ে ক্ষতি হয় ৪৩ লাখ টাকা। অন্যান্য ফসলের মধ্যে রয়েছে চিচিঙা, করলা, চালকুমড়া, পটোল, ঝিঙা, কাঁকরোল, ঢেড়স, শসাক্ষেত।

অধিদপ্তরের দেওয়া তথ্য অনুসারে, বন্যায় প্লাবিত হয়েছে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালী, ফেনী, রাঙ্গামাটি, বান্দরবান, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, দিনাজপুর, জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, নওগাঁ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলা।

আগের সংবাদহজযাত্রীদের ঢাকায় রেখে দলনেতা গোপনে পাড়ি জমালেন মক্কায়
পরবর্তি সংবাদসৌদি বাদশাহ সালমানের বড় ভাই মারা গেছেন