ডেঙ্গু পরীক্ষায় ভুল রিপোর্টের অভিযোগে ইবনে সিনার বিরুদ্ধে মামলা

ফাতেহ ডেস্ক

ডেঙ্গু রোগের চিকিৎসায় রক্তের প্ল্যাটিলেট লেভেল পরীক্ষায় ভুল রিপোর্ট দেয়ার অভিযোগে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বারের আইনজীবী রমজান আলী সরকার।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দিদার হোসেনের আদালতে এ মামলাটি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২৫ জুলাই বাদী জ্বর অনুভব করলে ইবনে সিনা হাসপাতালের ধানমন্ডি শাখাতে যান। আউটডোরে পরামর্শ করলে তারা ডেঙ্গু জ্বর হয়েছে কি না তা জানতে এনএসআই এজি এবং সিবিসি পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরে তিনি ওই পরীক্ষা দুটি করেন।

পরদিন রিপোর্ট সংগ্রহ করে তিনি দেখেন, রক্তের প্ল্যাটিলেট লেভেল ৭৮৪০০০ সিএমএম। রিপোর্ট দেখে বাদী আতঙ্কিত হন। ওই দিনই (২৬ জুলাই) তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে গিয়ে একই পরীক্ষা করান। সেখানে পরীক্ষা করে দেখেন রক্তের প্ল্যাটিলেট লেভেল দুই লাখ সিএমএম। যা সুস্থ এবং স্বাভাবিক মানুষের শরীরে বিদ্যমান থাকে।

বাদী অভিযোগ করেন, একজন সুস্থ মানুষের রক্তের প্ল্যাটিলেট লেভেল দেড় লাখ থেকে সাড়ে ৪ চার লাখ। কিন্তু ইবনে সিনার ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার রক্তের প্ল্যাটিলেট লেভেল ৭৮৪০০০ সিএমএম দেখায়। যা কোন সুস্থ বা অসুস্থ মানুষের ক্ষেত্রেই হতে পারে না। ইবনে সিনার ভুল রিপোর্টের ভিত্তিতে তিনি ওষুধ খেলে শারীরিক, মানসিক ও অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন এবং জীবননাশেরও সম্ভাবনা ছিল।

এসব অভিযোগ করে মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

আসামিরা হলেন- ইবনে সিনা হাসপাতালের (ধানমন্ডি শাখা) চেয়ারমান, ইবনে সিনা গ্রুপের চেয়ারমান, ইবনে সিনা ডায়াগনোস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও কনসালট্যান্ট (হেমাটোলজিস্ট) প্রফেসর কর্নেল (অব.) মো. মনিরুজ্জামান।

আগের সংবাদডেঙ্গু জ্বরে স্বাস্থ্যমন্ত্রণালয়ের ইউনিট উপপরিচালকের স্ত্রীর মৃত্যু
পরবর্তি সংবাদপুলিশের বাধার মুখে পন্ড ইসলামী আন্দোলনের গণমিছিল